বাংলাদেশের সাথে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে মিশর। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই এবং যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী সরকারের মিডিয়া ব্যবস্থাপনায় গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর। তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গণমাধ্যমকে কার্যকর সেতুবন্ধ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আ. দৈ./কাশেম




















