রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খামেনিকে শেষ বিদায় জানাতে কোমে লাখো মানুষের ঢল, বৃহস্পতিবার খামেনির দাফন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৪৮)
X

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অংশ হিসেবে দেশটির ধর্মীয় নগরী কোমে মঙ্গলবার শুরু হয়েছে বিশাল শোকযাত্রা। রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ঐতিহাসিক জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানাজার নামাজে ইমামতি করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। নামাজ শেষে শোকযাত্রা মহানবী হযরত মুহাম্মদ (সা.) বুলেভার্ড হয়ে হযরত ফাতিমা মাসুমাহ (সা.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়।

তাসনিম নিউজ জানিয়েছে, আকাশ থেকে ধারণ করা ছবিতে কোমের শোকযাত্রায় লাখো মানুষের অংশগ্রহণ দেখা গেছে। ইরানের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও এতে অংশ নেয়।

এর আগে সোমবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় প্রধান শোকযাত্রা। ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ রাজধানীর সড়কে নেমে খামেনিকে শেষ শ্রদ্ধা জানান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার শুরুতে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য।

প্রথমে মার্চ মাসে শেষকৃত্যের আয়োজনের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়। পরে গত শুক্রবার থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার খামেনির কফিন প্রতিবেশী ইরাকে নেওয়া হবে। সেখানে নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইরানের মিত্র বিভিন্ন শিয়া গোষ্ঠীর শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আরেকটি শোকযাত্রা শেষে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরুর দিন শুক্রবার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তী দুই দিনে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শেষ বিদায় অনুষ্ঠানে লাখো শোকাহত মানুষ অংশ নেন। সেখানে কোরআন তিলাওয়াত, শোকগাঁথা এবং প্রতিশোধের অঙ্গীকারের মধ্য দিয়ে ইরানিদের দৃঢ় অবস্থান প্রকাশ পায়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝