গুলশানের বাড়িসহ প্লট জালিয়াতি মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলীয় সাবেক এমপি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রভাবশালী সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
রাজধানীর গুলশান-২ এ জালিয়াতির মাধ্যমে বাড়িসহ ২৭ কাঠার সরকারি প্লট দখলের সুনিদিষ্ট অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনর (দুদক)। ওই মামলায় অভিযুক্ত আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন বিচারিক বিশেষ জজ আদালত।
ফলে এই চার্জ গঠনের মধ্যদিয়ে দুদকের করা মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আগামী ১৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের শাখা সহকারী মাহাবুবুল হকের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট খাদেমুল ইসলাম বলেন, মামলার তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রের ভিত্তিতে আদালত সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেছেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি, ভুয়া রেকর্ড উপস্থাপন এবং প্রশাসনিক প্রক্রিয়া অপব্যবহারের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, মীর মোহাম্মদ হাসান, মীর মো. নুরুল আফছারসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন।
দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। সে সময় সালাম মুর্শেদীর নাম এজাহারে ছিল না। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আ.দৈ./কাশেম




















