রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের ছবিসংবলিত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৮:২৯ পিএম  (ভিজিট : ৪২)
X

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৬ জুন) নতুন নকশার একটি বিশেষ মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে পরিচিত এই স্মারক পাসপোর্টে সংযোজন করা হয়েছে ট্রাম্পের নিজের একটি গম্ভীর মুখাবয়বের ছবি। সীমিত সংখ্যায় এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।

শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ ভেতরের পাতায় লেখা রয়েছে, ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

এই বিশেষ নকশাটি মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাসপোর্টের ভেতরের মূল পাতায় ট্রাম্পের একটি বড় মুখচ্ছবি স্থান পেয়েছে, যেখানে তাকে একটি ডেস্কে ভর দিয়ে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিচে রয়েছে তার স্বাক্ষর। ছবিটির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল অংশ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি হোয়াইট হাউসের সরকারি আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা ছবির ভিত্তিতে তৈরি।

পাসপোর্টের বিপরীত পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি ঐতিহাসিক চিত্রকর্ম সংযোজন করা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ লেখা রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের ইঙ্গিত বহন করে। হোয়াইট হাউসও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নকশা প্রকাশ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এটি সীমিত সময় ও মজুত থাকা পর্যন্তই পাওয়া যাবে। জানা গেছে, ট্রাম্প থিমযুক্ত এই পাসপোর্ট সংগ্রহ করতে হলে ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত উপস্থিতি জোরালো করার উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কিছু সরকারি ভবনের বাইরে তার ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝