দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন হয়েছে
নিজস্ব প্রতিবেদক :

অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারসহ ৩ জনের কমিশন গঠনের জন্য মতামত দিতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই সার্চ কমিটি ৩টি পদের জন্য দুইজন করে ৬ জনের নামের একটি তালিকা তৈরি করবেন। এই সার্চ কমিটির প্রধান কাজ হচ্ছে ওই ৩ পদের জন্য সাহসী, সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে সুচিন্তিত মতামত সহ ৬ জনের একটি প্যানেল তৈরি করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া।
আজ সোমবার (২২ জুন) সরকার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে একটি সার্চ কমিটি গঠনছে। সার্চ কমিটির অপর ৪জন হলেন; হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিবকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৭ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়েছে। এপর্যন্ত ৭টি কমিশন দায়িত্ব পালন করেছেন। এবার অষ্টম কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী কমিশন গঠনের আগে একটি সার্চ কমিটি গঠন করতে হয়।
এদিকে সার্চ কমিটিকে দুদক কমিশনারের চেয়ারম্যান ও দুই কমিশনারসহ তিনটি শূন্যপদের বিপরীতে দুজন করে ৬জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কাজে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। ওই তিনজনের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান আর দুইজন কমিশনার নিয়ে কমিশন গঠন করা হবে। তবে তাদের মেয়াদ হবে পাঁচ বছর।
উল্লেখ্য গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ (অনুসন্ধান) পদত্যাগ করেন। ওইদিন থেকে কমিশন না থাকায় দুদকের কাজে-কর্মেও নেমেছে স্থবিরতা।
আ. দৈ./কাশেম




















