হাতিরঝিলে নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে।’
হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এজন্য এক সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরকার হয় আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে।’
দ্রুত সময়ের মধ্যে রাজধানীর হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এসময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানান, হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে।
আ.দৈ/আরএস




















