রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরিনি, প্রমাণ দিতে হবে: আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৬৭)
X

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের করা একটি চাঞ্চল্যকর দাবির জবাবে মুখ খুলেছেন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তারা মন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরেননি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীকেই এর প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মহিউদ্দিন বলেন, ‘আমি টাকা নিয়ে ঘুরিনি। আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মাননীয় মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন, তবে তাকেই সেটি প্রমাণ করে দেখাতে হবে।’

এর আগে গত শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয় নাই।’ মূলত মন্ত্রীর এই বক্তব্যের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন আরও জানান, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বা নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্ট মহলে আনুষ্ঠানিক আপিল করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

পাশাপাশি, ‘অমানবিক সেবা’ ও অবহেলার অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায়, গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝