রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ জুন ত্রয়োদশ সংসদের প্রথম জাতীয় বাজেট পেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৫৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারে অর্থমন্ত্রী আগামী ১১ জুন প্রথম জাতীয় বাজেট পেশ করবেন।

তবে আগামীকাল রোববার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হতে যাচ্ছে এই সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশন। এবারের অধিবেশনের সবচেয়ে বড় আকর্ষণ আগামী ১১ জুন, যেদিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর সরকার ও বিরোধী দলের এমপিদের দীর্ঘ আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শেষে আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানের পর থেকেই এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মূল অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের চূড়ান্ত মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকেই রাজধানীর বেশ কিছু এলাকায় সব ধরনের অস্ত্র বহন, শোভাযাত্রা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সংসদের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজ প্রথম দিনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপরই শুরু হবে প্রশ্নোত্তর পর্ব। প্রথম দিন তথ্য ও সম্প্রচার, শিল্প, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এছাড়া, জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশ (বিধি-৭১) নিষ্পত্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করবেন কমিটির সভাপতি ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বাজেট পাস ছাড়াও এবারের অধিবেশনে বেশ কিছু রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাজেট আলোচনার আগেই সংসদের স্থায়ী কমিটিগুলো গঠনের কাজ শেষ করা হবে। একই সাথে, দেশের চলমান প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংসদে একটি বিশেষ কমিটি গঠনের কাজও এই অধিবেশনেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল শেষ হয়েছিল। সেই সংক্ষিপ্ত সময়েও রেকর্ড ৯৪টি বিল পাস হওয়ার পাশাপাশি ৫টি স্থায়ী ও ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনটি দেশের অর্থনীতি ও রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। 

আ. দৈ./কাশেম/ হেলাল


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝