গাছপালা ভাঙ্গাসহ পুরো ক্ষতি নির্ণয় করে প্রতিবেদন চেয়ে ডিএনসিসি
দিয়াবাড়ীতে রাস্তায় কোরবানির হাট, ৩ জনের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি )আওতাধীন উত্তরা দিয়াবাড়ি এলাকায় ১৬ ও ১৮ নং সেক্টর সংলগ্ন বৌ-বাজারের আশপাশের খাঁলি জায়গা এবং মেট্রো রেলের পাশে ১৮ নং সেক্টরের সি- ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী কোরবানি পশুর বিশাল হাট জমানো হয়েছিল। তবে ইজারা শর্তে লঙ্ঘন করে বিএনপির রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে দলীয় পরিচয় ব্যবহার করে ‘ ইজারাদার এসএফ করপোরেশনের মালিক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন নির্ধারিত এলাকার বাইরেও কোরবানির পশুর হাট বসিয়েছেন।
তিনি পশুর হাটটি মেট্রো রেলের ‘উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে, সিড়ির কাছাকাছি এবং রাস্তার আশে পাশে বাঁশের খুঁটিগেড়ে গরু রাখার ব্যবস্থা করেন।’ ডিএনসিসির পক্ষ অনেক চেষ্টা করেও মেট্রো রেলের নিচে এবং রাস্তার ওপর থেকে পশুর হাট সরানো যায়নি। তারা পশুর হাট বর্ধিত করায় ওই এলাকায় ময়লা আবর্জনায় ছেয়ে যায় এবং অনেক সুন্দর সুন্দর গাছপালা ভেঙ্গে ফেলেছে।
রাস্তারও অনেক ক্ষতি হয়েছে এবং অতিরিক্ত যানবাহন চলাচলের ফলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব বিষয় নিয়ে ‘ ইলেকট্রনিক (টিভি), প্রিন্ট এবং অনলাইন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’ আরো অভিযোগ রয়েছে, উজারাদারের লোকজন মাইকিং গরু বিক্রিতাদের কাছ থেকে প্রতিটি গরু বাবদ নগদ একহাজার টাকা করে আদায় করেছেন।
এদিকে ডিএনসিসির পক্ষ থেকে উত্তরা দিয়াবাড়ী কোরবানির অস্থায়ী পশুর হাট পরিচালনায় ‘উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশে পাশে ময়লা আবর্জনা গাছপালা ভাঙ্গা সহ যানবাহন চলাচলের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এই কমিটির আহবায়ক করা হয়েছে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আরিফুর রহমানকে। কমিটির অপর সদস্যরা হলেন, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হারুন-অর-রশীদ এবং অঞ্চল-৬ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার হোসেন।
আজ বুধবার (৩ জুন) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এই কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দিয়াবাড়ি পশুর হাটে বর্জ্যের স্তূপ, নোংরা পরিবেশের কারণে এলাকাবাসীর র্দুভোগ বেড়েছে অনেক। তবে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের নির্দেশনা ও তত্বাবধানে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের তদারকিতে পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত রাস্তাটি পরিস্কার করেন। কিন্তু ইজারাদারের লোকজন হাটের বাঁশ,খুঁটি, ছাউনি এখনো পুরোপুরি সরিয়ে নেয়নি। যায় ফলে কোরবানি পশুর হাটের ভেতরে ময়লা আর্বজনা রয়েছে।
আ. দৈ./কাশেম




















