রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগরে দোসর বিচারপতি খায়রুলকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৩০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাবোগী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ মে) দুপুরের পর এ আবেদনের ওপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল গত ১৬ মে আদালতে খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির জন্য সাবেক এই প্রধান বিচারপতিকে বেলা সাড়ে ১১টার দিকে হুইলচেয়ারে করে আদালতে আনা হয়। এসময় তীব্র গরমের কারণে পাশে থাকা একজন আইনজীবী কাগজের তৈরি হাতপাখা দিয়ে তাকে বাতাস করছিলেন। পরে শুনানি পিছিয়ে গেলে পৌনে ১১টার দিকে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এখন দুপুরের পর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেবেন সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুকী। অন্যদিকে খায়রুল হকের পক্ষে আদালতে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও আইনজীবী মোনায়েম নবী।

পুলিশের গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে খায়রুল হকের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এতে গ্রেফতার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব নামের এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে গত বছরের ১৬ নভেম্বর মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে খায়রুল হককে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশের পাশাপাশি একটি রুলও জারি করেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময়ে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন।
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝