দেশের চূড়ান্ত ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ–২০২৬ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৯৭১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪০ জন।
বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ তথ্য প্রকাশ করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ৫ লাখ ১৮ হাজার ৭৫৭ জনকে। এর মধ্যে পুরুষ ৩ লাখ ২৭ হাজার ৫০২ জন, নারী ১ লাখ ৯১ হাজার ২৩৬ জন এবং হিজড়া ১৯ জন।
এ ছাড়া রেজিস্ট্রেশন কর্মকর্তাদের মাঠ যাচাই-বাছাই শেষে নতুন করে যুক্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩০০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৩২২ জন, নারী ৩৮ হাজার ৯৮৮ জন এবং হিজড়া ভোটার বাদ পড়েছে ১০ জন। সব মিলিয়ে হালনাগাদ কার্যক্রমে নিট নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
এর ফলে ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকায় থাকা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৪২৩ জনের সঙ্গে নতুন ভোটার যুক্ত হয়ে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৪৮০ জনে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটার বৃদ্ধির হার ০ দশমিক ৫ শতাংশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ হালনাগাদ ভোটার তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আ.দৈ/আরএস




















