পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্ক থাকলেও তিনি এই মুহূর্তে পদত্যাগ করছেন না। তার দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকৃত জনমতের প্রতিফলন নয়।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে এবং এতে ভারতের নির্বাচন কমিশন-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। তার অভিযোগ, কেন্দ্রীয় শক্তির প্রভাবেই ভোটের ফলাফল প্রভাবিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, “আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে পদত্যাগ করব কেন?” তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে সরে দাঁড়ানো মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা।
রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে জল্পনা থাকলেও, তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আপাতত দায়িত্বে বহাল থেকে পরিস্থিতির মোকাবিলা করবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা, যার মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
আ.দৈ/আরএস




















