
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা—রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বিজেপি?
অনানুষ্ঠানিক ফলাফল ও ট্রেন্ড অনুযায়ী বিজেপি এবার বড় ব্যবধানে এগিয়ে থাকায় সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে এখনো দলটি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি।
দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং নির্বাচনী কৌশলে তার অবস্থান তাকে অন্যতম প্রধান দাবিদার হিসেবে সামনে এনেছে।
নির্বাচনে তিনি নন্দীগ্রামসহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ফলাফলের প্রাথমিক ধারা অনুযায়ী কিছু আসনে এগিয়ে থাকার খবরও এসেছে। তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সরাসরি মন্তব্য করতে তিনি এড়িয়ে গেছেন এবং জানিয়েছেন, এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।
শুধু শুভেন্দু অধিকারীই নন, বিজেপির আরও কয়েকজন শীর্ষ নেতার নামও আলোচনায় রয়েছে। এর মধ্যে আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি সংগঠন গঠনে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গভিত্তিক নেতা নিশীথ প্রামাণিক এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচিত স্বপন দাশগুপ্তের নামও সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব—বিশেষ করে নরেন্দ্র মোদী ও অমিত শাহ—চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং সেখানে সংগঠন, আঞ্চলিক ভারসাম্য ও রাজনৈতিক কৌশল বড় ভূমিকা রাখবে।
এদিকে নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়ায় এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে অপেক্ষা আরও বাড়ছে।
আ.দৈ./ এম.এস




















