বাউল-লালন শিল্পীদের সুরক্ষায় ডিসিদের কড়া নির্দেশ সংস্কৃতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

দেশের তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বিশেষভাবে বাউল ও লালন শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় সংস্কৃতির পরিপন্থী অপসংস্কৃতি রোধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলতায়নে –এ অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এর সংস্কৃতি বিষয়ক অধিবেশনে এসব নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি –এর সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি সংস্কৃতিমনস্ক ও মেধাভিত্তিক জাতি গঠন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে দেশের ৫৬৪টি প্রত্নস্থল ও ২১টি জাদুঘরের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করাই সরকারের অগ্রাধিকার।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মানসিকতা ও আচরণগত ইতিবাচক পরিবর্তন আনাও গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গত বছরগুলোতে সাংস্কৃতিক খাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় এখন নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অধিবেশনে মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে সরকারি উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনকে আরও স্বচ্ছ ও গতিশীল হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আ.দৈ./ এম.এস




















