
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদে দায়িত্ব পালনের সুযোগ পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ৪৯ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচিত এই নারী সংসদ সদস্যরা এখন থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের প্রতিনিধিত্ব করবেন এবং আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নেবেন।
আ.দৈ./ এম.এস




















