
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য প্রথম বিদেশ সফর কোন দেশ দিয়ে শুরু হবে—দিল্লি নাকি বেইজিং, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে প্রধানমন্ত্রীর চীন সফর অনুষ্ঠিত হতে পারে। এ সফরের প্রস্তুতি ও এজেন্ডা চূড়ান্ত করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন।
বেইজিংয়ের কূটনৈতিক সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দিনের সফরে চীন যাচ্ছেন। সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচি নিয়ে আলোচনা হবে।
সূত্রগুলো বলছে, সরকারের নীতিগতভাবে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে চীন সফর করতে পারেন।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশ দিয়ে শুরু হবে তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, আঞ্চলিক ভারসাম্য বিবেচনায় প্রথমে তিনি সার্কভুক্ত কোনো দেশ, যেমন ভুটান, সফর করতে পারেন। এরপর চীন সফরের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে ভারত, চীন, জাপানসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।
ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, কৌশলগত কারণে শুরুতেই বড় কোনো শক্তি যেমন ভারত বা চীনে না গিয়ে আঞ্চলিক কোনো দেশ দিয়ে সফর শুরু করা হতে পারে।
এদিকে অতীতের কূটনৈতিক অভিজ্ঞতা এবং ভারত-চীনের প্রতিযোগিতামূলক সম্পর্ক বিবেচনায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আ.দৈ./ এম.এস




















