ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, আতঙ্কে আন্তর্জাতিক নৌপথ

ইয়েমেন উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে সশস্ত্র ব্যক্তিরা। দেশটির উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলাকারীরা কারা, তা এখনো শনাক্ত করা যায়নি।
কোস্টগার্ড জানায়, শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে ‘এম/টি ইউরেকা’ নামের তেলবাহী ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যায়।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, মুকাল্লা বন্দর থেকে দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজ থেকে সন্দেহজনক নৌকা ও একটি ট্রলারকে এগিয়ে আসতে দেখা যায়, যা পরে নিরাপত্তা সতর্কতা তৈরি করে।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আল জাজিরা।
আ.দৈ./ এম.এস




















