
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ চলমান রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এ সংকটের একটি বড় সমাধান আসতে পারে।
শনিবার (২ মে) দুপুরে উখিয়ার পালংখালী স্টেশনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই একটি কমিটি গঠন করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে কাজ করছেন।
স্থানীয়দের দাবির প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা উচিত। তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় অধিকার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ক্যাম্প এলাকার নিরাপত্তা, মাদক চোরাচালান বন্ধ, এবং স্থানীয়দের জন্য চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করার দাবি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয়রা নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মুখে পড়ছেন। তাই দ্রুত ও কার্যকর সমাধান জরুরি।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষাধিক রোহিঙ্গা, বর্তমানে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
আ.দৈ./ এম.এস




















