কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
একটি গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। অভিযোগে বলা হয়,বাসে যাত্রীদের কাছ থেকে বারবার অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছিল।
এরপর নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়, যা ডাকাতির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জব্দকৃত অর্থসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের যে কোনো সন্দেহজনক ঘটনার তথ্য জরুরি নম্বর ১১২-এ জানানোর আহ্বান জানানো হয়েছে। (সূত্র: আরব টাইমস)
আ.দৈ./ এম.এস