পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এবার বুথফেরত জরিপ বা এক্সিট পোল ঘিরে তৈরি হয়েছে অস্বাভাবিক অনিশ্চয়তা। সাধারণত বড় নির্বাচনগুলোতে স্পষ্ট পূর্বাভাস দিলেও এবার বেশিরভাগ শীর্ষ সমীক্ষা সংস্থা আসনসংখ্যা নিয়ে নির্দিষ্ট কিছু বলতে এড়িয়ে গেছে।
‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’, ‘সি ভোটার’ ও ‘সিএসডিএস’-এর মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলোর এই সতর্ক অবস্থান রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রধান প্রদীপ গুপ্ত জানিয়েছেন, বিপুলসংখ্যক ভোটার মতামত দিতে অনীহা প্রকাশ করায় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়েছে।
অন্যদিকে, সি ভোটার ভোট শতাংশ নিয়ে কিছু ইঙ্গিত দিলেও আসনভিত্তিক ফল প্রকাশ করেনি। তাদের মতে, এবারের লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় নিশ্চিত পূর্বাভাস দেওয়া ঝুঁকিপূর্ণ। এদিকে সিএসডিএস এ বিষয়ে প্রায় নীরব রয়েছে।
এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমীক্ষাগুলোকে ঘিরে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রভাবেই কিছু সমীক্ষা সংস্থা পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বিজেপির পক্ষে পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, প্রকৃত চিত্র প্রকাশ পেলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এই আশঙ্কায় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে জয় পাবে।
বিশ্লেষকদের মতে, এবার পশ্চিমবঙ্গে নির্বাচন ফলাফল নিয়ে অনিশ্চয়তা এতটাই বেশি যে এক্সিট পোলও পরিষ্কার চিত্র দিতে পারছে না। ফলে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা ও জল্পনা আরও বাড়তে পারে।
আ.দৈ./ এম.এস