তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান,একদিনে গ্রেফতার ৫১

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
শনিবার (২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এতে অপরাধে সম্পৃক্ত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, আদাবর থানা থেকে ১২ জন, মোহাম্মদপুর থানা থেকে ১২ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আ.দৈ./ এম.এস




















