মার্কিন-ইসরায়েলি হামলার টার্গেটে ইরানের পেট্রোকেমিক্যাল ও ইস্পাত শিল্প
আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ষষ্ঠ সপ্তাহে গড়াতেই ইরানের গুরুত্বপূর্ণ শিল্প খাতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে। বিশেষ করে দেশটির ইস্পাত, সিমেন্ট ও পেট্রোকেমিক্যাল খাত এখন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দক্ষিণ ইরানের একাধিক পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এসব স্থাপনার কিছু অংশ দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বিশেষ গুরুত্ব পাওয়া মাহশাহর ও বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স-যেগুলো ইরানের শিল্প অর্থনীতির অন্যতম ভিত্তি-সেগুলোও হামলার আওতায় এসেছে। এসব কেন্দ্র থেকে গ্যাস ও তেল প্রক্রিয়াজাত করে প্লাস্টিক,সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পপণ্য উৎপাদন করা হয়,যা দেশের রপ্তানি আয়ের বড় অংশ জোগান দেয়।
এদিকে, আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে,হরমুজগান প্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় সূত্রের বরাতে তারা জানায়, হামলার পরও কারখানাটির কার্যক্রম বন্ধ হয়নি। পাশাপাশি সাম্প্রতিক দিনে দক্ষিণ ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
আ.দৈ/আরএস





















