সাগর-রুনি হত্যা মামলা: ১২৫ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন দাখিল
জাতীয়

ঢাকার একটি আদালতে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলার তদন্ত সংস্থা পিবিআই ১২৫ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেয়েছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআইর তদন্ত কর্মকর্তা তা জমা দিতে পারেননি, ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলাটি দীর্ঘদিন ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর হাতে ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট টাস্কফোর্স গঠন করেন। বর্তমানে পিবিআই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে আছেন, বাকিরা কারাগারে রয়েছেন।
তদন্ত বিবরণী অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রথমে শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা তদন্ত শুরু করেন, পরে ডিবি তদন্ত নেন। দুই মাস পর হাইকোর্টের আদেশে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়।
আ.দৈ/এমএস
আ.দৈ/এমএস




















