রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৫:৪৯ পিএম  (ভিজিট : ৮১)
X


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান অঞ্চল-০৮ এর ৪৫ নম্বর ওয়ার্ডের উত্তরখান মধ্যপাড়া এলাকায় নবনির্মিত ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক খান বলেন, "এই ঈদগাহটি ঈদের নামাজের পাশাপাশি অত্র অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, বৃদ্ধ এবং নারীরা এই মাঠ নিরাপদে ব্যবহার করতে পারবে। ঈদগাহ মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর সামাজিক উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন প্রশাসক।"

আজ মঙ্গলবার (১৭ মার্চ ) আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এ ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামাননের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান. পি.এস.সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) মোহাম্মদ আবুল কাশেম, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু ইউনুস এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন,নগরীর পরিচ্ছন্নতা এবং মশক নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম চলছে। তিনি বলেন,"শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবার সহযোহিতায় মশা নিয়ন্ত্রন করা সম্ভব হবে।”
তিনি বলেন, আগে সিটি কর্পোরেশনের পুরাতন ৩টি অঞ্চলে মাত্র ৩টি ঈদগাহ মাঠ থাকলেও নতুন সংযুক্ত ৫টি অঞ্চলে কোনো ঈদগাহ মাঠ ছিল না।

এই প্রেক্ষাপটে ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ৪৫ নং ওয়ার্ডে এই ঈদগাহ্ ও খেলার মাঠ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়।

জানা যায়, ডিএনসিসির নিজস্ব তহবিল থেকে ২ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।প্রায় ৩০ শতাংশ আয়তনের এই মাঠে একসঙ্গে প্রায় ১২৫০ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও এখানে জানাযার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মাঠটিতে ১৫০ মিটার ড্রেনেজ ব্যবস্থা, ৫ ফুট চওড়া ও ১৫০ মিটার দীর্ঘ হাঁটার পথ, এবং ১.৭ মিটার উচ্চতার নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে।

ঈদগাহে পুরুষ, মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক সুবিধাসহ একটি আধুনিক পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অযুখানা রয়েছে।

মাঠে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ফুটবলসহ বিভিন্ন খেলনা সামগ্রী রাখা হয়েছে। পানি সরবরাহের জন্য পাম্প স্থাপন করা হয়েছে এবং যাতায়াতের সুবিধার্থে ২টি বড় গেট ও ১টি পকেট গেট নির্মাণ করা হয়েছে। মাঠটি সবুজ ঘাস ও গাছ দ্বারা আচ্ছাদিত এবং ওয়াকওয়ের চারপাশে ১২টি বসার ব্যবস্থা ও ৬টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

নবনির্মিত এই ঈদগাহ্ ও খেলার মাঠ ঈদের সময় ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বছরের অন্যান্য সময়ে স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হবে, যা একটি সুস্থ ও সবুজ নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝