আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৫দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
রাজধানীতে স্বস্থির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক :

হঠাৎ রাজধানীতে স্বস্থির বৃষ্টি। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন দেখা গেছে। তবে আজ সন্ধ্যার পর ঢাকার মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। যা পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।
রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না।’
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে ।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার চতুর্থ ও মঙ্গলবার পঞ্চম দিনে দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অপরদিকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
আ. দৈ./কাশেম




















