ডিএনসিসির প্রকৌশলী মিজান সাময়িক বরখাস্ত
টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, “সিটি কর্পোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে এবং সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।”
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর ডিএনসিসির কমিউনিটি সেন্টারে অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, “শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে।” এ সময় প্রশাসক মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
প্রশাসক আরও বলেন, “অবৈধভাবে সিটি কর্পোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।”
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “নিজ নিজ কাজে মনোযোগী হতে হবে। সবাইকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যে কোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। নিজ বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা এসেছি জনগনের সেবা করার জন্য। আমাদের সাধ্যানুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব। নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।”
তিনি দক্ষিণখানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান এবং উত্তরখানে সিটি কর্পোরেশনের অফিস স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “উত্তরখানের মানুষকে সেবা নিতে উত্তরা আসাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।”
সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নাগরিক সেবা প্রদানসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সভায় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। সভায় ডিএনসিসির অঞ্চল– ১ এর নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, ৬ -এর নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ৭-এর নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান ও ৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির প্রকৌশলী মিজান সাময়িক বরখাস্ত :
এদিকে ডিএনসিসির আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে দায়িত্বহীনতা, দুর্নীতি সরড়কে নিম্মমানের কাজের সুনিদিষ্ট অভিযোগে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,ডিএনসিসির আওতাধীন অঞ্চল–০৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
গতকাল ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, সাবেক প্রশাসক এজাজের সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী মোঃ মিজানুর রহমান এবং তার শেল্টার দাতা হিসেবে বহুল আলোচিত ওই অঞ্চলের নির্বাবাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ ছাদেকুর রহমান। তাদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে, ওইসব দ্রুত তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে নগর ভবনে।
আ. দৈ./কাশেম




















