শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক :

শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। তিনি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদের মামলার আসামি। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,দুদকের মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত সব নথি জব্দের অনুমতি চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছর ২০ নভেম্বর ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
মামলার অভিযোগে বলা হয়, ড.শফিক আহমেদ সিদ্দিকের অর্জিত সম্পদের মূল্য ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৪২ টাকা। এই সম্পদের বিপরীতে তার ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৫৮২ টাকার আয়ের উৎস পাওয়া যায়। এ ক্ষেত্রে তার অবৈধ আয়ের পরিমাণ ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা।
মামলার অভিযোগে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন ও বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারপারসন হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন ড.শফিক আহমেদ সিদ্দিক।
আ. দৈ./কাশেম




















