দখলদার ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ১৩
ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৫ জন। একইসঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া পুরো এলাকাজুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে। স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বেইত জিনকে লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সূত্র জানিয়েছে, তাদের দুই সেনা সদস্য আহত এবং দুইজন সিরীয় বেসামরিক নিহত হয়েছে। পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়েছে। জানা গেছে, ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর।
আ. দৈ./কাশেম




















