৮ নভেম্বরকে 'গণপ্রকৌশল দিবসের দাবিতে ৭দিনের কর্মসূচি আইডিইবি'র
নিজস্ব প্রতিবেদক :

৮ নভেম্বরকে 'গণপ্রকৌশল দিবস' ঘোষণার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
রাজধানীর কাকরাইলে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, এ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য হলো- 'দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি'। আইডিইবি বিশ্বাস করে, দেশের সামগ্রিক অগ্রগতি ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই এবং দক্ষতায় বিনিয়োগ করাই হলো আগামীর সমৃদ্ধি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আইডিইবি তাদের দীর্ঘ ৫৪ বছরের যাত্রায় জাতি গঠনমূলক বহুবিধ কার্যক্রমে সংবাদমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে তারা কারিগরি শিক্ষার প্রসার, প্রযুক্তিমনস্ক জাতি গঠনে রাজনীতিতে প্রযুক্তিভাবনা যুক্তকরণ, নদ-নদী রক্ষা, কৃষি জমি সংরক্ষণ, পরিকল্পিত নগর ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জাতির সামনে আহ্বান রেখেছে, যার অনেকগুলোই বর্তমানে জাতীয় নীতিতে গৃহীত হয়েছে।
১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হওয়া আইডিইবি তাদের প্রতিষ্ঠাতা দর্শন 'দেশ ও জনগণের কল্যাণ সাধনের মধ্য দিয়ে সদস্য প্রকৌশলীদের কল্যাণ সাধন'-এর আলোকে প্রতি বছর ৮ নভেম্বরকে গণপ্রকৌশল দিবস হিসেবে দেশব্যাপী উদযাপন করে। এবারের সংবাদ সম্মেলন থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে ৮ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে 'গণপ্রকৌশল দিবস' ঘোষণার জন্য পুনরায় জোর আহ্বান জানানো হয়। আইডিইবি মনে করে, বিশ্বের অধিকাংশ মানুষের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ঘোষণা অত্যন্ত জরুরি।
৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইডিইবি সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ৯ নভেম্বর সকালে ঢাকায় বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া, ১০ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে মূল প্রতিপাদ্যের উপর সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল জেলায় আইডিইবি জেলা শাখা দপ্তর থেকে জনসাধারণকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে। আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
আ. দৈ./কাশেম




















