রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ৮৪)
X

জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এই অনিশ্চয়তার মূল কারণ বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

সর্বমোট ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এটি আগামী শুক্রবার স্বাক্ষরের কথা রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। তবে এখনো সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। কমিশন এ বিষয়ে আলাদা সুপারিশ দেওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিষয়ে একমত হলেও, ভোট কবে ও কীভাবে হবে তা নিয়ে দলগুলোর মতবিরোধ রয়েছে। অনেক দল সনদে সই করার আগে বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত ব্যাখ্যা চায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল রাতে কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়েছে, তারা ‘সংবিধান আদেশ’ জারি ছাড়া সনদে সই করবে না। দলটি বলেছে, জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছিল, এবার আর সে সুযোগ নেই। এনসিপি সংবিধান সংস্কারসহ নতুন করে আলোচনা শুরুর পক্ষে।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আজ রাতে দলটির বৈঠক রয়েছে। দলের এক নীতিনির্ধারক জানিয়েছেন, সনদের চূড়ান্ত কপি হাতে পেয়েছেন, গরমিল থাকলে জানানো হবে। তবে তিনি সনদ ঘিরে ‘নানামুখী অপতৎপরতা’ থাকার অভিযোগ তুলেছেন।

বামপন্থী কয়েকটি দলও সনদে সই না করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল, যা কমিশন গ্রহণ করেনি।

গত ৩১ জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়। এরপর ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কমিশন। সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সম্মতি এলেও, গণভোটের সময়, ভিত্তি ও প্রশ্নপত্র নিয়ে এখনো দ্বন্দ্ব রয়ে গেছে। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির অবস্থান ভিন্ন।

ঐকমত্য কমিশনের সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রয়োজনে বাস্তবায়নের পথ নিয়েও নতুন আলোচনা হবে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে জানান, কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝