সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা হুমকির মুখে: পুলিশ অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৮:৫৪ পিএম  (ভিজিট : ১১২)
X

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, পুলিশের ওপর হামলা শুধু পুলিশের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকি স্বরূপ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে সংগঠনটি এসব ঘটনার কঠোর নিন্দা ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর নরসিংদী সদর এলাকায় সন্ত্রাস দমন অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একইদিন বগুড়ার শিবগঞ্জে একটি নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

এছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও দেশের অন্যান্য অঞ্চলেও সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা শুধু পুলিশের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা প্রদান, হামলা বা লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক।

এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধযোদ্ধা। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় দিন-রাত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

৫ আগস্ট পরবর্তীসময়ে উদ্ভূত চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও পুলিশ সংযম, ধৈর্য, নিষ্ঠার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলাবিরোধী ও পুলিশবিরোধী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও কর্তব্যে অটল থাকবে বলে জানিয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, দেশের জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী আগামী দিনেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝