ডিবি হারুনকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিস্টের অন্য দোসরদের মতো দেশত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদও। তিনি আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে বসবাস করছেন বলে খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, হারুন দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন।
অস্ট্রেলিয়া প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে এ তথ্য দিয়ে লিখেছেন, “ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন। দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।”
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছেড়ে যান।
হারুনুর রশিদের স্ত্রী ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব পান। এর পর তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। গণঅভ্যুত্থানের পর হারুন নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে অবস্থান করেন।
কর্মজীবনে আলোচিত ‘ভাতের হোটেল’ থেকে শুরু করে নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন হারুনুর রশিদ। তার এসব কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ২০১১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম প্রথম আলোচনায় আসে।
ডিবিতে ধরে নিয়ে মানুষের উপর নির্যাতন, বিরোধীদলীয় আন্দোলনে ‘বোমা উদ্ধারের প্রহসন’, হেফাজতের ওপর নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায়সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন হারুন।
৫ আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরে বিভিন্ন সূত্রে তার যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত হওয়া গেছে।
আ.দৈ/ওফা




















