রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ এএম   (ভিজিট : ১৪৪)
X

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ১৬৯ রান। বুধবার ভারতের বিপক্ষেও এই টার্গেটই ছিল। কিন্তু জাকের আলীর নেতৃত্বাধীন দল লড়াইটাও করতে পারল না। হারল ৪১ রানে। টি-টোয়েন্টিতে যাকে বলা চলে বড় হার ।

সাইফের লড়াকু ইনিংস সত্ত্বেও ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ৫১ বলে সাইফ করেন ৬৯ রান। জিতে ভারত উঠল এশিয়া কাপের ফাইনালে, বাদ পড়ল শ্রীলঙ্কা। বাংলাদেশ—পাকিস্তান ম্যাচ এখন অঘোষিত সেমিফাইনাল, যে জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

দ্বিতীয় ওভারে তানজিদ তামিমের উইকেট হারালেও সাইফ হাসান ও পারভেজ হোসেনের ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু ৪১ রানের মধ্যে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও জাকের আলীর উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে তারা। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ইমন। সীমানার কাছে অভিষেক শর্মাকে ক্যাচ দেন তিনি। জাসপ্রিত বুমরাহকে ছক্কা মারা ইমন ১৯ বলে আউট হন ২১ রান করে। তাওহীদ হৃদয় হাত খোলার আগেই অক্ষর প্যাটেলের শিকার হন। ১০ বলে তিনি করেন মাত্র ৭ রান।

শামিম হোসেনকে এদিন পাঠানো হয় জাকের আলীর আগে। কিন্তু তিনি রানের খাতাই খুলতে পারলেন না। খেললেন মাত্র ৩ বল। বরুণ চক্রবর্তীর বলে আউট হন বোল্ড হয়ে। অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ হাসান বাংলাদেশকে লড়াইয়ে রাখেন।

জাকের আলী রানআউট হওয়ার পর সাইফ ৩ চার ও ৪ ছয়ের মারে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিন বলের ব্যবধানে তার দুই ছয়ে বাংলাদেশ ১৩.৪ ওভারের মধ্যে ১০০ রানের মাইলফলকে পৌঁছে। সাইফউদ্দিন বোলিংয়ে ছিলেন সবচেয়ে খরুচে। ১ উইকেট নিলেও ৩ ওভারে তিনি দেন ৩৭ রান। ব্যাটিংয়েও সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। ৭ বলে ৪ রান করে আউট হন।

১৭তম ওভারে টানা দুই বলে রিশাদ ও তানজিম সাকিবের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। রিশাদ সীমাকার কাছে ক্যাচ দিলেও সাকিব হন বোল্ড আউট। একই ওভারে আউট হতে পারতেন তিনবার জীবন পাওয়া সাইফ হাসানও। তার ক্যাচ ছেড়ে দেন অভিশেক শর্মা। তিন বল পরে সাইফ ঠিকই আউট হন, বুমরাহর ওভারে অক্ষর প্যাটেল আর ক্যাচ মিস করেননি। ৫১ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৯ রান করেন বাংলাদেশি ওপেনার। শেষ ১৬ বলে দরকার পড়ে ৫৩ রান, বাংলাদেশের জয়ের আশা কার্যত সেখানেই শেষ হয়ে যায়।

পরের ১৩ বলের মধ্যে অলআউট হওয়া বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১১ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী পান ২টি করে, অক্ষর প্যাটেল ও তিলক বার্মা ১টি করে।


আ.দৈ.ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝