ডাকসুর ভোটে ‘অনিয়ম’ নিয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করলো ছাত্রদল

সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘অনিয়ম’ প্রশ্নে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
এই প্যানেলের ‘পরাজিত’ ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পেশ করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যে অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, সেগুলো আপনাদের জানানো প্রয়োজন। তাই অভিযোগগুলোর বিষয়ে সংবাদ সম্মেলনে আমাদের অবস্থান স্পষ্ট করছি।’
আবিদুল ইসলাম খান বলেন, ‘ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়ম, জালিয়াতির খবর গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলেও, সেসব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি।’
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে তা জানানো হয়নি, এমনকি অরক্ষিত অবস্থায় তা গাউসুল আজম মার্কেটের এক ছাপাখানায় পরে থাকতে পর্যন্ত দেখা যায়’ যা ব্যালট জালিয়াতির অন্যতম সহায়ক। এ বিষয়ে সুষ্ঠু কোনো তদন্তও করেনি ঢাবি প্রশাসন। পোলিং এজেন্টকে যথাযথভাবে কাজ করতে দেয়নি প্রশাসন, যার ফলে অনেক কেন্দ্রেই পোলিং এজেন্ট ছাড়াই পক্ষপাতদুষ্ট আচরণ শুরু করে দেওয়া হয় এবং ভোট করা গণনা।’
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় অনেক পোলিং অফিসারই ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমের সামনে ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন বিএনসিসি রোভারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিয়ম লঙ্ঘন করে বহিরাগত শিবিরকর্মীদের ক্যাম্পাস প্রবেশ করিয়েছে।’
আ.দৈ/ওফা




















