দুদকের অভিযানে চট্টগ্রামে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার
সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে নজিরবীহন ঘটনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে দেশে বিদেশে স্তাবর অস্থার সম্পদের খনি বের হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব চাঞ্জল্যকর তথ্য বেরিয়ে আসছে।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদ আমলে নিয়ে আদেশ দিয়েছে আদালত।আজ রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে দুদক। দুদক আবেদন আদালত মঞ্জুর করেন। এখন এটি পুলিশ সদরদপ্তরে যাবে। সেখান থেকে পুলিশ ইন্টারপোল বরাবর রেড নোটিশ জারির আবেদন করবে।
দুদকের আইনজীবী বলেন, প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে। সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৫ মার্চের এক আদেশে তাদের ৩৯টি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে। এসব ব্যাংক হিসাবের মধ্যে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।
এরআগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া ২০২৪ সালের ৭ অক্টোবর সাবেক মন্ত্রী ও তার স্ত্রী দেশত্যাগে নিষিদ্ধ হয়েছেন।
এদিকে, দুদকের মামলায় রিমান্ডে থাকা জাবেদের দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে গত শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুদক। বস্তাগুলোতে বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত রয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ৫ দিনের রিমান্ড চলছে। রিমান্ডে পাওয়া তথ্যে জানা গেছে, অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছিল, যেগুলো রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল।
গত শুক্রবার আমরা সেখানে অভিযান চালাই। কিন্তু আমাদের অভিযানের তথ্য পেয়ে বস্তাগুলো সরিয়ে ফেলে। ওই দিন আমরা বাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি। ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আমরা যাওয়ার আধা ঘণ্টা আগে এই আলামতগুলো সরিয়ে ফেলা হয়।
তিনি বলেন, পরে আমরা একটি ছোট বাসা থেকে ২৩ বস্তা আলামত জব্দ করেছি। কয়েকটি বস্তা খুলে দেখা গেছে, বিদেশে সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত পেমেন্ট, বাড়ি ভাড়া আদায়ের তথ্য, বিভিন্ন বিল পরিশোধ ও কোর্টের আদেশসংক্রান্ত ডকুমেন্টস রয়েছে। এখনও সব বস্তার পর্যালোচনা করা হয়নি, কাজ চলছে।
আজ ২১ সেপ্টেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স সম্প্রতি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে বিপুল পরিমান সম্পদ অর্জনের তথ্য ও রেকর্ডপত্র উদ্ধার করেছে। এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পেয়েছে দুদক।
দুদক কর্মকর্তা বলেন, গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ৪টায় গোপন সংবাদেও ভিত্তিতে দুদকের পক্ষ থেকে এক চট্টগ্রামে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করেছে। এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
দুদকের এ কর্মকর্তা বলেন, গত শনিবার দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩ নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়। দুদকের উপস্থিতি টের পেয়ে এগুলো পাশের বাড়িতে রাখা হয়েছিল।
আ. দৈ./কাশেম




















