রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৫ সেপ্টেম্বর ১৭কেন্দ্রে ভোট গ্রহণ
জমে উঠেছে রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ৮:৩৫ পিএম  (ভিজিট : ৮৯)
X


জমে উঠেছে আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি-২০২৫ নির্বাচন । বহুবছর পর গণতান্ত্রিক পরিবেশ ও প্রশাসনিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের রাকসু, হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন। আর এই নির্বাচনকে  ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। নির্বাচন পূর্ববর্তী আনুষ্ঠানিক প্রচার চলবে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও থেমে নেই নির্বাচনি কর্মকাণ্ড; বরং ছুটির দিনে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে প্রার্থীরা আরও সক্রিয় হয়ে উঠেছেন।

ক্যাম্পাসের আবাসিক হল, মসজিদ, শহীদমিনার ছাড়িয়ে এখন আশপাশের মেস ও আবাসিক এলাকাগুলোতেও চলছে জোর প্রচার। ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলগুলো লিফলেট বিতরণ, সরাসরি মতবিনিময় এবং ইশতেহার উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন আদায়ের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ছাত্রদল, ছাত্রশিবির ও সমন্বয়কদের সমর্থিত প্যানেলকে বিনোদপুর, মির্জাপুর, কাজলা ও মেহেরচন্ডীসহ বিভিন্ন আবাসিক এলাকায় জুমার নামাজের পর সক্রিয়ভাবে প্রচার করছে।

প্রার্থীরা বলছেন, ‘প্রতিটি মুহূর্ত এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই ছুটির দিনেও তারা মাঠে থেকে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে সমর্থন আদায় করছেন।’ অন্যদিকে, শিক্ষার্থীরা জানাচ্ছেন, অবসর দিনে প্রার্থীদের সরব উপস্থিতি নির্বাচনি উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তবে সবাই শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রচার করতে দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-কে। এ বিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন মেসে আমরা প্রচার চালিয়েছি। এখন আমরা জুমার নামাজের শেষে ক্যাম্পাসে প্রচার চালাচ্ছি। রাতে মেয়েদের কয়েকটা হলগুলোতে আমাদের প্রজেকশন মিটিং রয়েছে।’

এ সময় ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলকেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা গেছে। এ বিষয়ে জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ক্যাম্পাসের আশেপাশে বিনোদনপুর, মেহেরচন্ডী, কাজলা, মির্জাপুরের কয়েকটা মসজিদে আমাদের টিম নামাজ শেষে প্রচার চালিয়েছে। এ ছাড়াও, সন্ধ্যায় মেয়েদের বিভিন্ন হলে আমাদের প্রজেকশন মিটিং রয়েছে। রাতে ছেলেদের হলেও প্রচার চালবে।’

জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ছাড়াও ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে দেখা যায় বিভিন্ন আবাসিক এলাকাগুলোর মসজিদগুলোতে। কাজলায় একটি মসজিদে জুমার নামাজ শেষে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘আমরা সকালে বিভিন্ন হলগুলোতে গেছি। এখন বিভিন্ন দলে ভাগ হয়ে আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকা যেমন কাজলা, বিনোদপুর, মেহেরচণ্ডীর মতো এলাকাগুলোতে প্রচার চালাচ্ছি। রাতে আমরা বিভিন্ন মেসগুলোতে যাব।’

এ ছাড়াও, কেন্দ্রীয় মসজিদে জুমা’র নামাজ শেষে দেখা যায় ছাত্র অধিকার সমর্থিত ‘রাকসু ফর র‌্যাডিকেল চেঞ্জ’, বাম সমর্থিত গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে। বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা জানান, ছুটির দিনে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রচারের কাজ করছেন, যাচ্ছেন শিক্ষার্থীদের মেসেও। তাদের প্রত্যাশা ২৫ তারিখে একটি সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হবে।

আ. দৈ./কাশেম/ ইতি


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝