বিমানবন্দরের আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট
হঠাৎ বৃষ্টিতে শাহজালাল বিমান বন্দর ডমেস্টিক টার্মিনালে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে তীব্র গরমের মাঝেই হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে কুর্মিটোলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালের সামনে ভয়াবহ জলাবদ্ধতায় যানবাহন ঢুকতে না পারায় ভোগান্তিতে পড়েন বিমান যাত্রীরা।এই সাথে বিমানবন্দরের আশপাশের পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টিতে এই জলাবদ্ধতা দেখা দেয়। এই বৃষ্টিতে আবহাওয়া অধিদপ্তর ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালের সামনে জলাবদ্ধতা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যমকে জানিয়েছে সাড়ে ১১টায় বৃষ্টিশরু হয়। হঠাৎ বৃষ্টির কারণে বিমানের বলাকা ভবনের পেছন দিয়ে ডমেস্টিক টার্মিনালে ঢোকার সড়কে পানি জমে যায়। এরপর থেমে থেমে আরও কয়েক দফায় বৃষ্টি হলে ওই সড়কে কোমরসমান পানি জমে। এর মধ্যে কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কে বন্ধ হয়ে আছে। টার্মিনালে ঢুকতে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে যাত্রীদের।
সূত্র মতে, গত ১৭ মার্চ বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন আশকোনা রেলগেট এবং এর আশপাশের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছিলেন, বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বেবিচক, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে। তার এ কথার ছয় মাস পরও এ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেনি ডিএনসিসি।
আবার মূল কাজটি সিভিল অ্যাভিয়েশনের হলেও এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। এ বিষয়ে জানতে বেবিচকের প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্ত গণমাধ্যমকে বলেন, এই সড়কের পাশেই আশকোনো হজ ক্যাম্প থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত টানেলের কাজ চলছে। এ কারণে বৃষ্টির পানি অপসারণের অনেকগুলো লাইন বন্ধ হয়ে গেছে। ফলে ভারী বর্ষণ হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ডমেস্টিক টার্মিনালের সামনে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, গতকালের এই বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তি নগর, সিদ্ধেশ্বরী রোড , মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাতিরঝিলের বাসিন্দা গোলাম সরোয়ার জানান, টানা ১০ মিনিট বৃষ্টি হলেই এলাকায় পানি জমে যায়। বাচ্চাদের নিয়ে স্কুল যাওয়া-আসায় কষ্ট হয়। নোংরা পানিতে হাটতে হয়। ড্রেনগুলোতে পলিথিন, যার ফলে পানি দ্রæত নামে না।
অন্যদিকে মালিবাগে বাসায় ফেরার পথে সমস্যায় পড়েন কলেজশিক্ষার্থী নুসরাত জাহান। তিনি বলেন, সিদ্ধেশ্বরী মৌচাক এলাকায় একটু বৃষ্টি হলে আর হাঁটার উপায় থাকে না। রাস্তার ও বিভিন্ন জায়গায় খানাখনন্দ। বৃষ্টি হলেই বের হওয়া কঠিন হয়ে যায়।
আ. দৈ./কাশেম




















