প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
একই সঙ্গে, সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আন্দোলন করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে ‘প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটি’-র প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের প্রতিনিধিসহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তারা শুনবেন।
এছাড়া, শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও তাদের বক্তব্য শুনবে। এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে।
আ.দৈ/আরএস




















