ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৪ ধাপের রোডম্যাপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৪ ধাপে ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের জন্য তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৬০০ পুরুষ এবং ৫০০ মহিলা ভোটার রাখার বিষয়টি চিন্তা করা হচ্ছে।
নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি তফসিল ঘোষণার ১৫ দিন আগে সম্পন্ন করার চেষ্টা থাকবে। তফসিল ঘোষণা করার সময় ভোটের ৬০ দিন আগে তা প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচনী কর্মপরিকল্পনায় বিভিন্ন সংযোজন করা হবে।
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে তিনি জানান, শুনানি ও তথ্য পর্যালোচনার পর আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত করার আশা রয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক মানচিত্র প্রকাশ করা হবে।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে আখতার আহমেদ বলেন, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে কমিশনের সরাসরি কর্তৃত্ব নেই। তিনি উল্লেখ করেন, এআই ও অপতথ্য চ্যালেঞ্জ নির্বাচনের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এবং কমিশন এটি মোকাবিলায় কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় ভোটারদের নিশ্চিন্তে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
আ.দৈ/আরএস




















