২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে। মে-জুন মাসে এসব পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার (২৩ আগস্ট) এই সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
করোনাকালীন সময়ে কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে এবং সীমিত পরিসরে নেওয়া হয়েছিল। তবে ধাপে ধাপে আবার স্বাভাবিক নিয়মে পরীক্ষা ফেরানো হচ্ছে। ২০২৬ সাল থেকে পুরোদমে আগের নিয়মে পরীক্ষা নেওয়া হবে, সেটিই এবার স্পষ্ট করল এনসিটিবি।
আ.দৈ/আরএস




















