রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫৩ ঘণ্টা পর আশুলিয়ায় মহাসড়ক থেকে সরেছে শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৭৭)
X

রাজধানীর উপকণ্ঠে শিল্প নগরী আশুলিয়ায় টানা ৫৩ ঘণ্টা পর শিল্পাঞ্চল আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানাগেছে।

আজ বুধবার (০২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। এছাড়া শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। এর আগে, গত সোমবার সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বার্ডস গ্রুপের শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গেল মাসের ২৮ তারিখ থেকে বার্ডস গ্রুপের সব কারখানা লে-অফ করা হয়। শ্রমিক ও কর্মচারীদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখে এবং সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। চুক্তি মতো শ্রমিকদের বেতন কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করলেও যে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল তা পরিশোধ করতে আরো তিন মাসের সময় চেয়েছে কারখানা কর্তৃপক্ষ। যার কারণে মহাসড়ক অবরোধ করা হয়।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তাদের কোম্পানির মালিককে আটক করা হয়েছে, পরে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ আগস্ট এক নোটিশের মাধ্যমে বার্ডস গ্রুপ লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ওই নোটিশে কর্তৃপক্ষ জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন ধরে কারখানাতে কোনো প্রকার কাজ নেই। এরপরেও কারখানা কর্তৃপক্ষ আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। শত চেষ্টা করেও নতুন কোনো কাজের অর্ডার নিতে পারেনি যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বহির্ভূত। এ অবস্থায় ২৮ আগস্ট থেকে গ্রুপটির আর এন আর ফ্যাশনস লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেডের সব বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, ৫৩ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ অনেক যানবাহন আটকে আছে মহাসড়কটির কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। এর প্রভাবে আশপাশের ঢাকা-আরিচা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কেও যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন মানুষ।

ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে নবীনগর পর্যন্ত তিন কিলোমিটার এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত সাত কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।তবে শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে। এই খবর পাওয়ার পর সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। পরে সড়কটিতে যান চলাচল শুরু হয়।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝