রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টিউলিপ ও তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক এবং তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর দুদক প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিটেনের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে, একজনের নামে মামলা হলেই দেশটির রাজনীতি ধসে পড়বে? এটা কি হতে পারে?’ তিনি আরও বলেন, ‘আমাদের কার্যপরিধিতে রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘টিউলিপের আইনজীবীর শব্দচয়ন দেখে মনে হচ্ছে তারা নিজেদের দেশকে ছোট করছেন এবং প্রমাণ করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।’

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘এটা কাউকে ছোট করার মামলা নয়। অনেক আসামির মতো টিউলিপও একজন অভিযুক্ত। আমাদের এর চেয়েও বড় মামলা আছে।’

টিউলিপের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চিঠিপত্র দিয়ে মামলা নিষ্পত্তির সুযোগ নেই। অপরাধ যেখানে হয়েছে, সেখানেই মোকাবিলা করতে হবে। কোর্টে মামলা চলছে, তাকে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবিলা করতে হবে।’

তিনি আরও জানান, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র ও টিআইএন আছে। সেই সূত্রেই তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, টিউলিপ দেশের আইন মেনে চলবেন এবং যথাযথভাবে বিচারের মুখোমুখি হবেন।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল টিউলিপের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বলা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে তিনি সুবিধা নিয়েছেন।

পরে ১৫ জুন তাকে দ্বিতীয় দফায় ২২ জুন দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এর আগে ১৪ মে প্রথম দফায় তলব করা হলেও টিউলিপ জানান যে তিনি সেই চিঠি পাননি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগের জেরে টিউলিপ যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। এরপর গত ২৩ জুন তিনি ও তার আইনজীবী উকিল নোটিশের মাধ্যমে অভিযোগ তোলেন যে, দুদক ও অন্তর্বর্তী সরকার ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝