১৭ বছর ধরে পিলখানার গেটে অপেক্ষার গল্প মিথ্যা, কয়েক মাস ধরে অবস্থান ওই নারীর
নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালের বিডিআর বিদ্রোহে স্বামী নিহত হওয়ার পর থেকে ১৭ বছর ধরে পিলখানার ৩ নম্বর গেটের সামনে লাগেজ নিয়ে এক নারী অপেক্ষা করছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি গল্প ছড়িয়ে পড়ে। স্বামীর সঙ্গে কক্সবাজারে হানিমুনে যাওয়ার কথা থাকলেও তিনি আর ফিরে না আসায় ওই নারী অপেক্ষা করছেন বলে দাবি করা হয়। তবে সরেজমিনে খোঁজ নিয়ে এ গল্পের সত্যতা পাওয়া যায়নি।
ওই নারীর নাম শাফি তামান্না নূপুর। বুধবার (২৫ নভেম্বর) পিলখানার বীর উত্তম হাবিবুর রহমান গেটের সামনে তাকে দেখা যায়। স্থানীয় দোকানি, বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি সেখানে কয়েক মাস ধরে অবস্থান করছেন; ১৭ বছর ধরে অপেক্ষা করার দাবি সঠিক নয়।
স্থানীয় সিরাজ ফার্মেসির মালিক জানান, তিনি ৩০ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। নূপুরকে গত দুই-তিন মাস ধরে সেখানে নিয়মিত দেখছেন। তার দাবি, ওই নারী রাস্তার পাশে রাতেও অবস্থান করেন। তবে ১৭ বছর ধরে সেখানে থাকার কোনো ঘটনা তিনি জানেন না।
ওই দোকানি আরও জানান, নূপুর স্থানীয় কয়েকজনের কাছে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চান। কয়েক দিন আগে বাবুল নামের এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক বলেন, চার-পাঁচ বছর আগে একবার ওই নারীকে দেখেছিলেন। তবে গত দুই-তিন মাস ধরে তাকে নিয়মিত সেখানে অবস্থান করতে দেখছেন। অন্যদিকে, কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জানান, চার-পাঁচ মাস ধরে ওই নারীকে সেখানে দেখছেন তারা।
নিজের পরিচয় জানতে চাইলে নূপুর নাম জানান শাফি তামান্না নূপুর। সেখানে কত দিন ধরে আছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক মাস ধরে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ বছর অপেক্ষা, বিডিআর সদস্য স্বামী এবং কক্সবাজারে হানিমুনে যাওয়ার পরিকল্পনার গল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তিনি নন।’
সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে নূপুর দাবি করেন, চাকরির জন্য ২২ বছর ধরে সেখানে আসা-যাওয়া করছেন। তিনি বিয়ে করেননি বলেও জানান। শাহরুখ খানের সঙ্গে তার বিয়ে হবে—এমন কথাও বলেন। সঙ্গে থাকা ব্যাগের বিষয়ে তিনি জানান, অফিস শেষে বাসায় যাবেন এবং ড্রাইভার এসে তাকে নিয়ে যাবেন।
নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক সদস্য জানান, ওই নারীর বাবা আগে বিজিবিতে সুবেদার পদে কর্মরত ছিলেন বলে শুনেছেন। তার পারিবারিক আর্থিক অবস্থাও এখন ভালো নয়। ওই সদস্যের ভাষ্য, নূপুরের মানসিক সমস্যা রয়েছে বলে তারা মনে করেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসাগত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের বক্তব্য ও ওই নারীর নিজের স্বীকারোক্তি অনুযায়ী, পিলখানার গেটে ১৭ বছর ধরে অপেক্ষার গল্পটি সত্য নয়।
আ.দৈ/আরএস




















