বৈঠক শেষে নাহিদ
ফ্যাসিবাদ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।’ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা ও আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি যে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়। আমাদের যে ন্যায্য হিস্যা পানির, সেটা যাতে আমরা আদায় করে নিতে পারি। সরকার যাতে এটাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে’—বলেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে। ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে।’
নাহিদ আরও বলেন, ‘এটি এখন শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির বিষয় নয়; বরং ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে। আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ এবং তাদের এদেশীয় বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই আহ্বান জানিয়েছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের বিষয়টিও আমরা তুলে ধরেছি। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি বলেছি। তাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।’রাজনৈতিক বিশ্লেষণ
তিনি বলেন, ‘আমরা গতকালও দেখেছি, সীমান্তের ওপারে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমাবেশ হয়েছে। সেখানকার বিজেপি বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। সেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে-এ ধরনের মিথ্যা বক্তব্য প্রচারের চেষ্টা করা হয়েছে। ওই সমাবেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন।’
নাহিদ ইসলাম বলেন, ‘এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশে যা কিছু ঘটছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে একটি অপতথ্য প্রচার বা মিসইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করা হচ্ছে। প্রচার করা হচ্ছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে ভারতে। আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। দলিতদের ওপরও নির্যাতন হচ্ছে। ভারত এখন সংখ্যালঘু নির্যাতনের অন্যতম প্রধান ক্ষেত্র। এই তথ্যগুলোও আমাদের বিশ্বপরিসরে তুলে ধরতে হবে।’
এর আগে এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
জাতীয় সংসদে দেয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। এনসিপি’কে দিয়ে আজকে সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
আ.দৈ/এসআর




















