উচ্চ রক্তচাপের ঝুঁকিতে ২ কোটি ২৮ লাখ মানুষ, নিয়ন্ত্রণে মাত্র ১৬ শতাংশ
ওষুধ ও অর্থায়নের সংকট, শনাক্তকরণে ঘাটতি; বিশ্বে আক্রান্ত ১৪০ কোটি, বছরে মৃত্যু এক কোটির বেশি
শাহীন রহমান

দেশে উচ্চ রক্তচাপ এখন জনস্বাস্থ্যের অন্যতম বড় সংকট। প্রায় ২ কোটি ২৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ এ রোগে আক্রান্ত। অথচ তাঁদের মধ্যে মাত্র ১৬ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে। রোগ সম্পর্কে সচেতনতা, নিয়মিত চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতায় ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনি বিকল হওয়ার মতো প্রাণঘাতী অসুস্থতার ঝুঁকি বাড়ালেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত হয়নি। অন্যদিকে বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ১৪০ কোটি ছাড়িয়েছে। প্রতিবছর উচ্চ রক্তচাপজনিত জটিলতায় বিশ্বে এক কোটির বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৫ সালের ‘গ্লোবাল রিপোর্ট অন হাইপারটেনশন’ এবং বাংলাদেশের জন্য প্রকাশিত কান্ট্রি প্রোফাইলের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। সংস্থাটির হিসাবে, বাংলাদেশে ৩০ থেকে ৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের বিস্তার ২৮ শতাংশ। এ বয়সসীমার প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ আক্রান্ত। তাঁদের মধ্যে প্রায় ১ কোটি ১৮ লাখ রোগী নিজের অসুস্থতার বিষয়ে জানেন। চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ লাখ। কিন্তু চিকিৎসা গ্রহণকারীদের মধ্যেও অনেকের রক্তচাপ কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে নেই। সব মিলিয়ে মাত্র ৩৬ লাখ মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
নারীদের মধ্যে উচ্চ রক্তচাপের বিস্তার পুরুষদের তুলনায় বেশি। ৩০ থেকে ৭৯ বছর বয়সী নারীদের ৩৪ শতাংশ এবং পুরুষদের ২২ শতাংশ এ রোগে আক্রান্ত। তবে নারী-পুরুষ উভয় জনগোষ্ঠীর ক্ষেত্রেই চিকিৎসা ও নিয়ন্ত্রণের হার বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্তচাপ পরীক্ষা, রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু এবং চিকিৎসা অব্যাহত রাখার ক্ষেত্রে ঘাটতি থাকায় বিপুলসংখ্যক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন।
উচ্চ রক্তচাপের ভয়াবহতা বোঝা যায় হৃদ্রোগজনিত মৃত্যুর পরিসংখ্যানে। ডব্লিউএইচওর কান্ট্রি প্রোফাইল অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে হৃদ্রোগে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী ছিল উচ্চ সিস্টোলিক রক্তচাপ। একই বছরে দেশে বিভিন্ন অসংক্রামক রোগে মৃত্যুর ঝুঁকিও ছিল উল্লেখযোগ্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা গেলে হৃদ্রোগ ও স্ট্রোকের মতো জটিলতা এবং এসব কারণে অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বাংলাদেশে রোগটির বিস্তার ও নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায়ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে’ (বিডিএইচএস) ২০১৭-১৮ ও ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা, চিকিৎসা গ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু অগ্রগতি হয়েছে। ২০১৭-১৮ সালে আক্রান্তদের মধ্যে রোগ সম্পর্কে সচেতন ছিলেন ৪২ দশমিক ৪ শতাংশ; ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৪ দশমিক ৩ শতাংশে। চিকিৎসা গ্রহণের হার ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। একই সময়ে রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
তবে গবেষণায় আর্থসামাজিক বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে। দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় সচ্ছল মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণের সুযোগ বেশি। শহরের মানুষের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যেও চিকিৎসা ও নিয়ন্ত্রণে পিছিয়ে থাকার প্রবণতা রয়েছে। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে শুধু চিকিৎসাসেবার বিষয় হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা, স্বাস্থ্যসেবার ভৌগোলিক প্রাপ্যতা এবং ওষুধের ব্যয়ের সম্পর্কও বিবেচনায় নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অন্যতম বড় বাধা অর্থায়নের ঘাটতি। স্বাস্থ্য বাজেট বাড়লেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ তুলনামূলকভাবে কম। বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে সংশ্লিষ্ট আলোচনায় জানানো হয়েছে, দেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। ফলে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অনেক রোগী মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এতে তাঁদের হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি আরও বেড়ে যায়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করাও জরুরি। প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার সুযোগ সীমিত। অনেক মানুষ কোনো উপসর্গ না থাকায় চিকিৎসকের কাছে যান না। আবার রোগ শনাক্ত হওয়ার পরও নিয়মিত ওষুধ গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা সমন্বয় এবং ফলোআপে ঘাটতি থাকে। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, পর্যাপ্ত রক্তচাপ মাপার যন্ত্র, মানসম্মত চিকিৎসা নির্দেশিকা এবং রোগীর তথ্য সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকলেও চিকিৎসার ধারাবাহিকতা ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই)। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের সহযোগিতায় ২০১৮ সালে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে রোগ শনাক্ত, চিকিৎসা, ফলোআপ এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণই এর লক্ষ্য।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে এ কর্মসূচি ৪৭টি জেলার ৩২৮টি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে। এসব এলাকার প্রায় ৭ কোটি ৪২ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে কর্মসূচির আওতা পৌঁছেছে। কর্মসূচির আওতায় নিবন্ধিত রোগীদের মধ্যে সর্বশেষ পরিদর্শনে ৫৮ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে পাওয়া গেছে। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত কর্মসূচির গবেষণায় ৩২০টি সক্রিয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৭ লাখ ৩৯ হাজার ৫৭ জন রোগী নিবন্ধিত থাকার তথ্য দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল।
তবে কর্মসূচিতে চিকিৎসাধীন নিবন্ধিত রোগীদের মধ্যে নিয়ন্ত্রণের হার ৫৮ থেকে ৫৯ শতাংশ হলেও জাতীয় পর্যায়ে উচ্চ রক্তচাপ আক্রান্তদের নিয়ন্ত্রণের হার অনেক কম। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কর্মসূচি-সংক্রান্ত তথ্যে জাতীয় পর্যায়ে এ হার প্রায় ১৪ শতাংশ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সফল কর্মসূচির অভিজ্ঞতা থাকলেও তা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া এখনো বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সরকারি অর্থায়ন, ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বিশ্ব পরিস্থিতিও উদ্বেগজনক। ডব্লিউএইচওর ২০২৫ সালের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১৪০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। এ বয়সসীমার প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। আক্রান্তদের প্রায় ৪৪ শতাংশ জানেন না যে তাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে। চিকিৎসা ও নিয়ন্ত্রণের সুযোগের বৈষম্যও প্রকট। বৈশ্বিক পর্যায়ে আক্রান্তদের মাত্র ২৩ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্ত মানুষের প্রায় দুই-তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করেন। অর্থাৎ রোগটির বোঝা সবচেয়ে বেশি বহন করছে এমন দেশগুলো, যেখানে স্বাস্থ্যসেবার অর্থায়ন ও চিকিৎসার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
উচ্চ রক্তচাপের বিস্তারের পেছনে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। অতিরিক্ত লবণ গ্রহণ, ধূমপান ও তামাক ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের দৈনিক গড় লবণ গ্রহণ প্রায় ৯ গ্রাম, যা সংস্থাটির সুপারিশ করা দৈনিক ৫ গ্রামের প্রায় দ্বিগুণ। খাদ্যে লবণের ব্যবহার কমানো, তামাক নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা তাই রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায়।
এ বিষয়ে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এখন সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার ও দীর্ঘমেয়াদি অর্থায়ন। কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল পর্যন্ত প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত রক্তচাপ পরীক্ষা, রোগী শনাক্তকরণ, চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এবং চিকিৎসা অব্যাহত রাখতে কার্যকর ফলোআপ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে ওষুধপ্রাপ্তি নিশ্চিত করাও জরুরি।
বাংলাদেশের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈশ্বিক স্বাস্থ্য প্রতিশ্রুতি বাস্তবায়নে উচ্চ রক্তচাপকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য বাজেটের কার্যকর ব্যবহার, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো গেলে এ রোগের ভয়াবহতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অন্যথায় নীরবে বাড়তে থাকা উচ্চ রক্তচাপের বোঝা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতির ওপর আরও বড় চাপ তৈরি করবে।
আ.দৈ/এসআর




















