শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই।
এ সময় বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এই করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
আঞ্চলিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।
চীনা প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।
আ.দৈ/আরএস




















