সৌদি আরবে আটকে থাকা হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের হজ মৌসুমে হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ। গত ২৯ অক্টোবর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের ‘নুসুক’ সিস্টেমে সম্পূর্ণ অর্থ জমা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এ ঘটনা উল্লেখযোগ্য সাফল্য বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি জানান, মোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।ধর্মমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ এ অর্থ কেটে সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল ও সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর বিপরীতে এক লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় জেদ্দায় বাংলাদেশ হজ অফিস আন্তরিকতার সঙ্গে কাজ শুরু করে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ, তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন ও গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কাজী শাহ মোফাজ্জাল বলেন, আগের হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য ও যুক্তিসহ তুলে ধরা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছিল, চলতি বছরের হজ কার্যক্রম শেষ হওয়ার পর এজেন্সিগুলোর আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট (আইবিএএন) হিসাবে রক্ষিত প্রায় ১০ কোটি টাকা বা ৩০ লাখ সৌদি রিয়াল চিকিৎসা খরচের নামে সৌদি সরকার আটকে দিয়েছে।
এ অর্থ দ্রুত ছাড় করানোর উদ্যোগ নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছিল বেসরকারি হজ এজেন্সি মালিকদের এই সংগঠন। সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
আ.দৈ/এসআর




















