সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য শিক্ষা: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, কোনো দেশের আইন লঙ্ঘন হলে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের জন্য সরকারের করণীয় সীমিত হয়ে পড়ে। একইভাবে বিদেশি নাগরিকেরা বাংলাদেশে অপরাধ করলে তাঁদেরও দেশের আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হয়। তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং এ ধরনের খবর কেউ প্রত্যাশা করে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে আরও স্পষ্টভাবে জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি আরবের কাছে বাংলাদেশের যেসব তথ্য জানার প্রয়োজন, তা জানতে চাওয়া হয়েছে। সৌদি সরকারের জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আ.দৈ/আরএস




















