বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজপথে নেহা বোরা, ইস্যু বদলালেও বদলায়নি প্রতিবাদের মঞ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১১)
X

দিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দেওয়া তরুণী নেহা বোরা। কখনো শিক্ষার্থীদের আন্দোলন, কখনো সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম, আবার কখনো ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ—গত কয়েক মাসে ভারতের বিভিন্ন আন্দোলনে বারবার দেখা গেছে তাঁকে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) জাতীয় সভাপতি নেহা সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর নিয়ে আন্দোলনে সক্রিয় হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা এই বিক্ষোভে তাঁকে একাধিকবার আটক করা হয়েছে।

এর আগে জুলাইয়ে যন্তর মন্তরের ছাত্র-যুব আন্দোলনে টানা ২৩ দিন অনশন করেন নেহা। ওই আন্দোলনে পরীক্ষাব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে নানা দাবি সামনে আসে। পরে ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদেও তাঁকে সক্রিয় দেখা যায়। সেখানে আন্দোলনের সময় তাঁর দিকে কালি ছোড়ার ঘটনা ঘটে।

নেহা জানিয়েছেন, বিভিন্ন ছাত্র আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। তাঁর মতে, বেকারত্ব, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম ও শিক্ষার বিভিন্ন সংকট তরুণদের মধ্যে বৃহত্তর উদ্বেগ তৈরি করেছে। এই অবস্থান থেকেই বিভিন্ন রাজ্যের আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

এবার ভোটার তালিকা নিয়ে আন্দোলন

সাম্প্রতিক সময়ে নেহার সবচেয়ে দৃশ্যমান ভূমিকা দেখা গেছে এসআইআর নিয়ে দিল্লির আন্দোলনে। ২ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েক দফায় শত শত মানুষকে আটক করে পুলিশ। ৩ অক্টোবরও নেহাসহ বিভিন্ন আন্দোলনকারীকে আটক করা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে। নির্বাচন কমিশনের অবস্থান হলো, ভোটার তালিকা আরও নির্ভুল করতেই এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। ফলে এসআইআরকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক বিতর্কও তীব্র হয়েছে।

৪ অক্টোবরের আন্দোলনেও নেহাকে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ করতে দেখা যায়। পরে তাঁকে অন্য আন্দোলনকারীদের সঙ্গে আটক করা হয়।

ছাত্রনেতা থেকে জাতীয় আন্দোলনের মুখ

নেহার রাজনৈতিক পরিচিতি মূলত ছাত্ররাজনীতিকে ঘিরে। তিনি AISA-এর নেতৃত্বে এসে শিক্ষা, পরীক্ষা, চাকরি ও তরুণদের অধিকারসংক্রান্ত বিভিন্ন আন্দোলনে সক্রিয় হয়েছেন। আগস্টে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি সাম্প্রতিক ছাত্র আন্দোলনগুলোকে একটি বৃহত্তর জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার কথা বলেন।

ঝাড়খণ্ডের আন্দোলনে কালি ছোড়ার ঘটনার পরও নেহা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এর আগে দিল্লির বিক্ষোভে পুলিশি পদক্ষেপেরও মুখোমুখি হয়েছেন বলে তিনি দাবি করেন।

বর্তমানে নেহা বোরা ভারতের সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলনের দৃশ্যমান মুখগুলোর একজন। নিট ও সরকারি চাকরির পরীক্ষার অনিয়ম থেকে শুরু করে ভোটার তালিকা—ইস্যু বদলালেও রাজপথে তাঁর সক্রিয়তা অব্যাহত রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝