মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের মানুষ, প্রকৃতি ও পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস-২০২৬ ও একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শুধু পড়াশোনা বা খেলাধুলায় দক্ষ হলেই হবে না, শিশুদের মানবিক মূল্যবোধেও গড়ে উঠতে হবে।
শিশুদের আশপাশের গাছপালার যত্ন নেওয়া, গাছে পানি দেওয়া এবং পশুপাখির প্রতি সদয় হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রকৃতির প্রতি মানুষ সদয় হলে প্রকৃতিও মানুষের প্রতি সদয় হবে।
অভিভাবকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে প্রকৃতি ও প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন শিশুর সঠিক বিকাশের ওপর নির্ভর করে, তেমনি দেশের ভিত্তিও শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভরশীল। শিশুদের বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















